১০ জুলাই বাংলাদেশ ইনোভেশন সামিট

২৮ জুন, ২০২০ ১৬:২১  
‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’প্রতিপাদ্যে আগামী ১০ জুলাই অনলাইনে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ ইনোভেশন সামিট। দুই দিনব্যাপী এই উদ্ভাবনী সম্মেলন অনুষ্ঠিত হবে দুই পর্বে। একটিতে থাকছে বিজনেস সামিট এবং আরেকটিতে আইটি প্রফেশনালস মিটআপ। সম্মেলনটি চলবে প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত। সম্মেলনের সহযোগী হিসেবে থাকছে উইমেন অ্যান্ড ই-কমার্স, প্রাইডসিস ইআরপি, ক্রিয়েটিভ আইটি, রাইজআপ ল্যাবস, বেবিলন রিসোর্সেস। বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু জানিয়েছেন, এই আয়োজনে প্রায় ৩০ জনের অধিক দেশীয় এবং আন্তর্জাতিক বক্তা কথা বলবেন। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় নানা পদক্ষেপ এবং আগামীর কর্মপরিকল্পনা কেমন হতে পারে তা নিয়ে কথা বলবেন তারা। তিনি আরো জানান, প্রতিটি সেশন এমন ভাবে সাজানো হচ্ছে যাতে একজন অংশগ্রহণকারী এবারের সম্মেলন থেকে স্কিল ডেভেলপমেন্ট, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেম ডেভেলপমেন্ট, অনলাইন বিজনেসসহ প্রয়োজনীয় নানা বিষয়ে সম্যক ধারণা পেতে পারেন। এছাড়া বক্তারা আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালসদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন।